13/03/2026
রাইটিং এক্সপার্ট ও এর সহযোগী প্রতিঠানের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
অদ্য ১৩ মার্চ ২০২৬, রাইটিং এক্সপার্ট কনসালটেন্সি ফার্ম (রিসার্চ অর্গানাইজেশন) এবং এর সহযোগী সকল প্রতিষ্ঠানের উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গবেষণা, শিক্ষা ও পেশাগত অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইটিং এক্সপার্ট ও এর সহযোগী সকল প্রতিষ্ঠানের সিইও জি. এম. আহছান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম. আব্দুল আল মামুন, ডাইরেক্টর অব রিসার্চ, ircb। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র রিসার্চ ফেলো ড. মামুন আর রশিদ, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট বাবর খান, রিসার্চ অ্যাসোসিয়েট বরুন চন্দ্র এবং ডা. মালিহা। এছাড়াও রাইটিং এক্সপার্ট ও এর সহযোগী অঙ্গসংগঠনের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সম্মানিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা, আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং গবেষণায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা উল্লেখ করেন যে, বাংলাদেশে গবেষণাভিত্তিক এমন উদ্যোগ তুলনামূলকভাবে সীমিত হলেও সুসংগঠিত গবেষণা কার্যক্রমের মাধ্যমে এ ধরনের প্রতিষ্ঠান দেশের একাডেমিক উৎকর্ষ ও জ্ঞানভিত্তিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
আলোচনায় বিশেষভাবে গবেষণা নৈতিকতা (Research Ethics) বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরা হয়। প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা গবেষণার মান ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে নৈতিক মানদণ্ড অনুসরণের অপরিহার্যতার ওপর জোর দেন। “গবেষণায় সততা, স্বচ্ছতা ও নৈতিকতার সঠিক অনুসরণ নিশ্চিত না হলে সেই গবেষণা কখনোই টেকসই জ্ঞান বা সমাজের জন্য কার্যকর অবদান রাখতে পারে না,” — বলেন অনুষ্ঠানের বক্তারা। তারা গবেষকদের প্রতি মৌলিকতা, একাডেমিক সততা এবং আন্তর্জাতিক নৈতিক মানদণ্ড অনুসরণ করে গবেষণা পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানে রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে সম্মানিত অতিথিদের হাতে Token of Appreciation তুলে দেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন যে, রাইটিং এক্সপার্ট কনসালটেন্সি ফার্ম এবং এর সহযোগী গবেষণা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে বাংলাদেশে গবেষণা, একাডেমিক উন্নয়ন এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।