20/04/2025
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অর্থনৈতিক কার্যক্রম সংক্রান্ত একটা বিষয় নিয়ে মাঠ পর্যায়ে বেশ ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। ভ্যাট আইনের ধারা ২(৬)(খ)(আ)তে উল্লেখ রয়েছে যে, কোম্পানির পরিচালক কর্তৃক প্রদত্ত সেবা অর্থনৈতিক কার্যক্রম নয়। তবে, পরিচালক যদি ব্যবসা পরিচালনার জন্য পরিচালকের পদ গ্রহণ করেন, তাহলে তাঁর সেবা অর্থনৈতিক কার্যক্রম হিসেবে গণ্য হবে। এই বিধানের ভুল ব্যাখ্যা করে কোনো কোনো সময় বলা হয় যে, পরিচালককে প্রদত্ত ভাতা ভ্যাটযোগ্য হবে।
এ বিষয়টা বুঝতে হলে ধারা ২(৪২) এ “টার্নওভার” এর সংজ্ঞা দেখতে হবে। কোনো নির্ধারিত সময়ে অর্থনৈতিক কার্যক্রম দ্বারা প্রস্তুতকৃত, আমদানিকৃত, ক্রয়কৃত সরবরাহ হতে প্রাপ্ত অর্থকে “টার্নওভার” বলা হয়েছে। অর্থাৎ কোম্পানির কোনো পরিচালক যদি ব্যবসা পরিচালনার জন্য পদ গ্রহণ করেন, তাহলে তার কার্যক্রম অর্থনৈতিক কার্যক্রম; আর তাই, তাঁকে প্রদত্ত ভাতা ওই প্রতিষ্ঠানের “টার্নওভার” নির্ণয় করার জন্য গ্রহণ করতে হবে। ভ্যাট প্রযোজ্য হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ অর্থনৈতিক কার্যক্রম হলে তা ভ্যাটযোগ্য হবে একথা সঠিক নয়। ভ্যাট আইনের প্রথম তফসিল এবং অব্যাহতি এসআরও দিয়ে যেসব বিক্রয় ভ্যাটমুক্ত করা হয়েছে, সেসব বিক্রয়ের বাইরে সব বিক্রয় ভ্যাটযুক্ত। অর্থনৈতিক কার্যক্রমের সংজ্ঞা হলো, সরবরাহ প্রদান করার উদ্দেশ্যে নিয়মিতভাবে বা ধারাবাহিকভাবে পরিচালিত কোনো কার্যক্রম [ধারা ২(৬)]। সরবরাহটি ভ্যাটযোগ্য হবে কিনা তার সাথে অর্থনৈতিক কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। বোর্ড সভায় যোগদানকারীর সম্মানীর ওপর ভ্যাট প্রযোজ্য রয়েছে। কোম্পানীর নিয়ম অনুসারে, যদি পরিচালককে বোর্ড সভায় যোগদান করা ছাড়া অন্য কোনো ভাবে অর্থ প্রদান করা হয়, তাহলে কর্মচারীর বেতন-ভাতার মতো সে অর্থের ওপর ভ্যাট প্রযোজ্য হবে না।
ধন্যবাদ এবং শুভেচ্ছা।
ড. মোঃ আব্দুর রউফ
১৯ এপ্রিল, ২০২৫