31/12/2025
#নববর্ষ_পালন ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে “Happy New Year” বলা কি জায়েয?
উত্তর:
নববর্ষ পালন নাজায়েজ। এবং নতুন বছর আগমনে খুশি প্রকাশ করা, মিষ্টি বিতরণ করা, একে অপরকে “Happy New Year” বলা কিংবা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ফোন কল বা এসএমএস পাঠানো—এগুলো মূলত অমুসলিমদের অনুকরণ ও অনুসরণ থেকে উদ্ভূত; যা গ্রহণ করা থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে।
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন—
من تشبه بقوم فهو منهم
“যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।”
(আবু দাউদ)
অর্থাৎ যে ব্যক্তি কোনো কওমের সঙ্গে স্পষ্টভাবে সাদৃশ্য গ্রহণ করে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়।
অপর হাদীসে এসেছে,
عن أبي سعيد الخدري رضي الله عنه: أن النبي ﷺ قال: (لتتبعن سنن من قبلكم شبرا بشبر، وذراعا بذراع، حتى لو سلكوا جحر ضب لسلكتموه، قلنا: يا رسول الله، اليهود، والنصارى؟ قال: فمن؟!) . رواه البخاري ومسلم
আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত—
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন:
“তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী লোকদের পথ হুবহু অনুসরণ করবে—এক বিঘত পর এক বিঘত, এক হাত পর এক হাত; এমনকি যদি তারা গুইসাপের গর্তেও প্রবেশ করে, তবে তোমরাও তাতে প্রবেশ করবে।”
আমরা বললাম,
“হে আল্লাহর রাসূল! তারা কি ইহুদি ও খ্রিস্টান?”
তিনি বললেন,
“তবে আর কারা?”
(বুখারি ও মুসলিম)
তবে বাস্তবতা হলো—
মুসলমানদের জন্য নতুন বছরে বহু ইবাদত ও দীনি কার্যক্রম সম্পৃক্ত।
তাই নতুন বছরের আগমনে মুসলমানদের দুটি বিষয় বিশেষভাবে স্মরণ রাখা উচিত—
(১) অবশিষ্ট জীবনের হিসাব
নতুন বছরের আগমনে একজন বুদ্ধিমান মানুষ নিজেকে প্রশ্ন করে—এই বছর তার জীবন থেকে কতোটা সময় কমে গেল। এতে তার অন্তরে নিজের মৃত্যু ও আখিরাতের স্মরণ জাগ্রত হয়। এমন চিন্তা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এবং নেক আমলের দিকে উৎসাহিত করে।
কিন্তু এর বিপরীতে, নতুন বছর উদযাপন মানুষকে সময় নষ্ট, আনন্দ-উল্লাস ও গাফিলতির দিকে ঠেলে দেয়; সময়ের মূল্যবোধ নষ্ট করে এবং জীবনের সঠিক ব্যবহার থেকে গাফেল করে তোলে।
(২) অমুসলিমদের সাদৃশ্য পরিহার
আল্লাহ তাআলা আমাদেরকে অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন এবং রাসূলুল্লাহ ﷺ-ও এ ব্যাপারে কঠোর সতর্কতা প্রদান করেছেন।
আল্লহ তাআলা আমাদের সকলকে সহীহ বুঝ ও সহীহ আমল দান করুন আমীন!
فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ﴾ [الأنبياء21:7]﴿